সাবেক খেলোয়াড়, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আন্তর্জাতিক আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল শনিবার ভারতের গৌহাটিতে ইন্তেকাল করেন। তার লাশ ঢাকায় আসছে আজ। এদিন সকালে তামাবিল স্থল বন্দরে তার লাশ গ্রহণ করবেন দীর্ঘ দিনের বন্ধুবর রাইসুল আলম রুমেল, রাসেল কবির সুমন ও মো. মোরশেদ আলম।
ইতোমধ্যে সিলেটে পৌঁছেছেন তারা। সাবেক তারকা শাটলার ও ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি কামরুন নাহার ডানা গতকাল বলেন, ‘রাসেলের পোস্টমর্টেম হয়ে গেছে। তার মরদেহ দেশে পাঠানোর জন্য যাবতীয় কাজ শেষ করতে সময় লেগেছে। আগামীকাল (আজ) সকালে তামাবিল বন্দরে তার লাশ গ্রহণ করবে রুমেল ও রাসেলসহ মরহুমের পরিবার। এরপর ঢাকায় নিয়ে আসা হবে।’
‘ইউনেক্স সানরাইজ গৌহাটি মাস্টার্স’ নামে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার জন্য গৌহাটিতে অবস্থান করছিলেন ৫১ বছর বয়সি রাসেল। শনিবার সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে এবং দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মিয়-স্বজন রেখে যান তিনি।